জামালপুরের মেলান্দহ উপজেলায় এক নিরীহ বয়োবৃদ্ধ মানুষের ওপর পৈশাচিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের উত্তর রেখিরপাড়া গ্রামে চিহ্নিত সন্ত্রাসী মোতাহার মাস্টারের ছেলে সৌরভের ধারালো অস্ত্রের আঘাতে একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের (বিলির) সহজ-সরল ছেলে মুনসুর আলী (৬০) বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত সন্ত্রাসী সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছেন। তার অব্যাহত ত্রাস ও সন্ত্রাসী কার্যকলাপে এলাকার সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোনো আইনের তোয়াক্কা না করে তিনি এলাকায় একচ্ছত্র আতঙ্ক বজায় রেখেছেন।
একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির ওপর এমন নৃশংস ও প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে এই সন্ত্রাসী সৌরভকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন বর্বরোচিত ঘটনা ঘটানোর সাহস না পায়। দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ইমরান খান মেলান্দহ প্রতিনিধি 



















