ভোলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সম্মাননা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের বাসভবন প্রাঙ্গণে ‘জাতীয় বন্ধুজন পরিষদ’-এর উদ্যোগে এ সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বন্ধুজন পরিষদের আহ্বায়ক আসিফ আলতাফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস।
বক্তারা বলেন, শুধু ভালো ফল অর্জন করলেই চলবে না সুনাগরিক হয়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে দেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, এই আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জন এবং দেশসেবায় অনুপ্রাণিত করবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় ও কৃতী শিক্ষার্থীরা অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 


















