লাকসাম উপজেলার আজগরা এলাকায় কর্ণফুলী কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি আজগরা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করার প্রস্তুতি চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ করে রেললাইন চলাচলের উপযোগী করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তবে দুর্ঘটনার কারণ এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: শাকিল খান 


















