চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সুধী সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আইনগত ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 


















