কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদ (৪০) নামে এক বিকাশ ও রকেট এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় শাহা ফিলিং স্টেশনসংলগ্ন একটি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আহত নুর মোহাম্মদ দেওয়ানের খামার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি স্থানীয় নয়ন টেলিকম স্টোরে বিকাশ ও রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। ফিরতে দেরি হওয়ায় তাঁর মা খোঁজ নিতে বের হন। একপর্যায়ে রাস্তার মোড়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে ঘটনাটি ঘটায় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
আহত ব্যক্তির বাবা আকবর আলীর অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলের মাথা ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নুর মোহাম্মদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তবে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর জখম, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ
-
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা: - আপডেট সময় : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















