বগুড়ার মোকামতলা উপজেলায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচনে বিশৃঙ্খলা করলে দলীয় পরিচয় বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, জনগণের সমর্থনে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, “গত পূজায় যেভাবে ঢাকের তালে নাচলেন, এবার কেন গেলেন না? ভোটের মৌসুম শেষ হয়ে গেছে। তাঁরা মৌসুমি রাজনীতিবিদ।” এ ছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে গিয়ে তাঁদের কথা শুনবে এবং পাশে থাকবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় নেতারা। পরে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি ও ময়লা পরিবহনের গার্বেজ ভ্যানের উদ্বোধন করেন।
সৈয়দ শিমুল আহমেদ মোকামতলা উপজেলা প্রতিনিধি (বগুড়া) 


















