মৌলভীবাজারের রাজনগরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল। ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক কান্দর্প কুমার ভট্টাচার্য।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কান্দর্প কুমার ভট্টাচার্য জানান, পূজা উপলক্ষে তাঁর মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সুযোগে রাত পৌনে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাঁদের বাড়িতে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এবং চোখ-মুখ কাপড় দিয়ে আটকে রাখে। একপর্যায়ে আলমারির লকার ভেঙে মূল্যবান স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, ডাকাতদের বাধা দিতে ও ধাওয়া করতে গেলে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার
-
আলী আহমদ রিপন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: - আপডেট সময় : ১০:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ



















