নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের তৎপরতা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
(২০-১০-২৬ইং রোজ মঙ্গলবার) গাজীপুরের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবের অনুকূল পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজক, পূজারি ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকারী দলের সঙ্গে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং পূজা উদযাপন ফ্রন্টের গাজীপুর জেলার যুগ্ন আহবায়ক সঞ্চয়কান্ত শীল, আহ্বান সদস্য সুজন চন্দ্র দাস ও থানা পূজা উদযাপন ফ্রন্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সম্প্রীতি ও নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান
পরিদর্শনকালে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য উৎসব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই যেন আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসন সতর্ক রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। দুর্গাপূজা যেন আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পক্ষে রয়েছি।”
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে গুরুত্বারোপ
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মানুষের সম্মিলিত সহযোগিতায় কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার: 


















