নরসিংদীর আরশিনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন রায়পুরা উপজেলার দুই তরুণ নিরব আহমেদ ও জীবন। তাঁদের দুজনেরই বয়স প্রায় ২০ বছর। কনসার্টে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিহত নিরব আহমেদ ও জীবন নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর এলাকার বাসিন্দা। নিরবের বাড়ি সাহেরচর পূর্বপাড়ায়। তাঁর বাবার নাম সেলিম। অন্যদিকে, জীবনের বাড়ি সাহেরচর মধ্যপাড়ায়। তাঁর বাবার নাম জাহিদুল।
দুই বন্ধুর এমন অকালমৃত্যুর খবরে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে যাত্রা ছিল আনন্দের, সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হলো এক হৃদয়বিদারক ঘটনায়। দুই তরুণের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁদের পরিবার ও পরিচিতজনেরা।
রাজিব ভূইয়া, স্টাফ রিপোর্টার (নরসিংদী) 


















