দেশের বিদ্যুতের বর্ধিত চাহিদার যোগান, পরিবেশ সুরক্ষা এবং উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তাদের প্রতিদিনের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় পুরো অংশই এখন মেটাচ্ছে নিজস্ব সৌর প্যানেল ব্যবস্থার মাধ্যমে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। পরিদর্শনকালে তিনি কারখানার সোলার ইকোসিস্টেম এবং বিশাল পরিসরের সৌরবিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সরাসরি ঘুরে দেখেন ও গভীর সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, “বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সৌর বিদ্যুতের উৎপাদন, ব্যবহার ও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের আহ্বান জানিয়েছে। ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক আকারে সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করেছে। সম্ভবত কারখানা পর্যায়ে তারাই দেশের প্রথম ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। তাদের নিজেদের বিদ্যুতের প্রায় সবটুকু চাহিদা তারা নিজেরাই পূরণ করছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। শিল্পকারখানাগুলো ওয়ালটনের মতো নিজস্ব উদ্যোগে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে এলে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ অনেকাংশে কমে আসবে। এই টেকসই সোলার মডেলটি গাজীপুরের অন্যান্য সকল শিল্প পার্কে অনুকরণ করা উচিত। তাদের মতো শিল্প পার্কসমূহে এভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন করলে দেশে বিদ্যুতের ঘাটতি থাকবে না।”
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কালিয়াকৈরের এই বিশাল শিল্পপার্কে প্রতিদিন বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৫ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে তাদের নিজস্ব সোলার ইকোসিস্টেম থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ। কারখানার জমির সর্বোচ্চ ব্যবহার ও স্থান সাশ্রয়ে ভবনের ছাদ, অভ্যন্তরীণ শ্রমিকদের হাঁটার রাস্তার শেড এবং লেক ও পুকুরে ভাসমান সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া এই পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সাফল্য তুলে ধরে ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, কারখানার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা আরও কমাতে নতুন করে আরও ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সোলার ইকোসিস্টেমে থেকে উৎপাদিত বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন কারখানায় ব্যবহার করা হচ্ছে। অনেক সময় চাহিদা কম থাকলে কিংবা সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটির কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকলে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পরিবেশগত ঝুঁকির সময়ে ওয়ালটনের এই উদ্ভাবনী ও সাশ্রয়ী উদ্যোগ দেশের অন্যান্য ভারী শিল্পকারখানার জন্য এক অনুকরণীয় ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ওয়ালটন সৌরবিদ্যুৎ মডেল শিল্পের জন্য অনুকরণীয়ঃ ডিসি গাজীপুর
-
মেহেদী হাসান,কালিয়াকৈর : - আপডেট সময় : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ



















