রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। আগামী বছর দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরুর কথাও জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের অগ্রগতি ও বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আলোচনা হয়। রোসাটমের মহাপরিচালক জানান, ভিভিইআর-১২০০ প্রযুক্তির এ ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠকে অ্যালেক্সি লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।
বৈঠকে রোসাটমের মহাপরিচালক আরও জানান, ২০২৭ সাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পারমাণবিক জ্বালানি খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
অনলাইন ডেস্ক 
























