ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (LG) ও শর্টগানের দুই রাউন্ড কার্তুজসহ মোঃ ইমরান (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে চর সামাইয়া ইউনিয়নের চরছিফলী এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে মোঃ পলাশের বসতঘরের সামনের কক্ষের একটি প্লাস্টিকের র্যাকের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও শর্টগানের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ও কার্তুজসহ ইমরানকে আটক করা হয়।
আটক ইমরান ভোলা সদর উপজেলার চরছিফলী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ বিল্লাল এবং মাতার নাম বকুল বেগম।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 


















