বলিউডে প্রতিভাবান অভিনেতাদের যথাযথ মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তার মতে, একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের সুযোগ দেওয়ার কারণে অনেক অভিনেতা নিজেদের অভিনয়দক্ষতা পুরোপুরি তুলে ধরতে পারেননি।
নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গাজাব রাত’-এর প্রচারে সম্প্রতি এ বিষয়ে কথা বলেন মনোজ। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউডে অভিনেতাদের নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে রাখার প্রবণতা রয়েছে। এতে তাদের অভিনয়ের বিভিন্ন দিক প্রকাশের সুযোগ সীমিত হয়ে পড়ে।
মনোজ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে একই ধরনের চরিত্রে আটকে রেখে আমরা অনেকের প্রতিভা নষ্ট করেছি। পর্দায় তাদের চরিত্র, কাজের পরিবেশ এবং তাদের সঙ্গে করা আচরণের মাধ্যমে অনেক প্রতিভাবান অভিনেতাকে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তাদের অনেকে কোনো স্বীকৃতি ছাড়াই হারিয়ে গেছেন।’
নিজের অভিনয়জীবন নিয়েও আক্ষেপের কথা জানান এই অভিনেতা।
মনোজ বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, আমার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহার করা হয়েছে। আরো অনেক কিছু করার আছে। তবে এটাকে একজন অভিনেতার আকাঙ্ক্ষা বা কাজের ক্ষুধাও বলা যায়।
তবে বলিউডে পরিবর্তনের ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ইতিবাচক বলে মনে করেন মনোজ। তার মতে, আগে যেসব অভিনেতা নিজেদের দক্ষতা তুলে ধরার যথেষ্ট সুযোগ পেতেন না, তারা এখন ওটিটির মাধ্যমে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছেন।
মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘গাজাব রাত’ নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন নুশরাত ভারুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, কিকু শারদা ও শ্রদ্ধা দাস।
বিনোদন ডেস্ক 
























