চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে গাজী সারোয়ার শ্রাবন (৩২) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়াসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গত ২৩ অক্টোবর রাত ১টা ১০ মিনিটে পাঁচলাইশ থানার মমিনবাগ ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি 


















